আশুলিয়ার দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন৷ একই দিন কারখানার একটি অংশ স্থানান্তর করার প্রতিবাদে অপর একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন৷
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন মাস ধরে বেতন না পেয়ে ইউনিক এলাকার ময়ূরী ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানাটির শ্রমিকেরা কয়েক দিন আগে কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন৷
শ্রমিকদের চাপের মুখে গতকাল বেতন পরিশোধে রাজি হয় মালিকপক্ষ৷ কিন্তু গতকাল সকালে কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে তাঁরা ক্ষুব্ধ হন৷ একপর্যায়ে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়৷ পরে শ্রমিকদের একটি অংশ আশুলিয়া থানার সামনে গিয়ে বিক্ষোভ করে বাসায় চলে যায়৷
একই এলাকার বাংলা-জাপান নামের অপর একটি পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক কারখানা স্থানান্তরের প্রতিবাদে গতকাল কর্মবিরতি পালন করেন৷ শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা না করে কারখানার একটি অংশ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে৷ এ কারণে তাঁরা কর্মবিরতি পালন করেছেন৷