আশুলিয়ার পাঁচ কারখানায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকার আশুলিয়ার পাঁচটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিক অসন্তোষের কারণে দুটি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটার দিকে আশুলিয়ার পুকুরপাড় এলাকার মাহবুব অ্যাপারেলস নামের সোয়েটার কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি মানতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ আলোচনা করে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। ঈদ বোনাসের দাবিতে গনকবাড়ী এলাকার সমসের প্লাজায় আনজিল অ্যাপারেলসের শ্রমিকেরা গতকাল সকাল থেকেই কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গতকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
জিরানী এলাকার লিবার্টি ফ্যাশনসের কয়েক হাজার শ্রমিক দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। গত মঙ্গলবার একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ গতকাল তাঁদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকেরা গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে বেতন ও বোনাস দাবি করলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ ঈদের আগে বেতন ও বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে কারখানাটি গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আশুলিয়ার কুমকুমারী এলাকার মাকসুকা অ্যাপারেলসের আয়রন শাখার ৭৭ জন শ্রমিক দুপুরের খাবারের টাকা বাড়ানোর দাবিতে গতকাল সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।
পোশাক কারখানায় আগুন: ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বার্ডস গ্রুপের একটি পোশাক কারখানায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বার্ডস গ্রুপের এ অ্যান্ড জেড নামের পোশাক কারখানার চারতলা ভবনের তৃতীয় তলায় বয়লারের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার বিভিন্ন তলায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছিলেন।