আশুলিয়ার পোশাক কারখানা শনিবার থেকে খোলা
আশুলিয়ার সব পোশাক কারখানা শনিবার থেকে খোলা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে গতকাল শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তাঁরা অনতিবিলম্বে কারখানা খুলে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক পোশাক কারখানার মালিক গতকাল বিকেলে আশুলিয়ার শারমিন গ্রুপের মিলনাতয়নে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ এবং বিজিএমইএ ও শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সাংসদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহায়তার আশ্বাস দিয়েছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে বৈঠক শেষে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের কয়েকটি শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গত সোমবার আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে সব কারখানা বন্ধ রাখার কথা থাকলেও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের দেড় শতাধিক কারখানা ছাড়া সব কারখানাই খোলা ছিল। গতকালও সরেজমিনে ডিইপিজেডসহ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ী, বাইপাইল, জিরানী, শ্রীপুর ও কবীরপুর এবং জিরাবর-বিশমাইল সড়কের উভয় পাশের প্রায় সব কারখানা খোলা পাওয়া যায়। খোলা ছিল ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সব কারখানা।