আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা আজ খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন বন্ধ থাকার পর আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ সোমবার থেকে আবার খুলছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বন্ধ কারখানাগুলো খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
বিজিএমইএ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি পোশাকশ্রমিকদের আজ সকাল থেকে কারখানায় যোগ দিতে অনুরোধ করেন।
বিজিএমইএর সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, শ্রমিক ভাইবোনদের অনুরোধ ও সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে আশুলিয়ার যে ৫৯ কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ আছে সেগুলো সোমবার খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, ৩০টির বেশি শ্রমিক সংগঠন বিজিএমইএকে বন্ধ কারখানা খুলে দিতে লিখিতভাবে অনুরোধ করেছে। সংগঠনগুলো বলেছে, কারখানা খুলে দিলে শ্রমিকেরা কাজ করবেন।
শ্রমিকদের উদ্দেশে সিদ্দিকুর রহমান বলেন, ‘শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এ রকম কোনো উসকানিতে প্ররোচিত হবেন না। এ ধরনের কর্মকাণ্ড শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই আপনারা দায়িত্বের সঙ্গে নিজ নিজ কাজ করুন।’
মজুরি বৃদ্ধি, নানা অজুহাতে ছাঁটাই বন্ধ, দুপুরে খাবারের ভাতা ও রাত্রিকালীন অতিরিক্ত কাজের ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টানা নয় দিন শ্রমিক আন্দোলনের পর গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ৫৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। বন্ধ থাকার সময়ে শ্রমিকেরা মজুরি পাবেন না, এমন কথাও বলা হয়। পরদিন সকালে আরও চারটি কারখানা বন্ধ করেন মালিকেরা। শনিবার থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি কারখানা চালু হয়।
এদিকে গতকাল হা-মীম গ্রুপ ৯১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে তাঁদের নাম ও ছবি কারখানার ফটকে সাঁটিয়ে দেয়। বুধবার উইন্ডি অ্যাপারেলস ১২১ জন শ্রমিক ও পরদিন ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ১৩৫ শ্রমিককে সাময়িক বরখাস্ত করে।
হা-মীম কর্তৃপক্ষ নোটিশে বলেছে, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্মকর্তাদের সঙ্গে তর্ক করা, কাজ করতে অপারগতা প্রকাশ করা, সংগঠনের সঙ্গে জড়িত থাকা, মিথ্যা কথা বলা, জুয়ায় আসক্ত হয়ে পড়া এবং হাঙ্গামায় জড়িত থাকাসহ শ্রম আইন লঙ্ঘন করায় ওই শ্রমিকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারখানা কবে খুলবে তা জানতে গতকাল কারখানার ফটকে এসে হা-মীমের শ্রমিক সাইফুল ইসলাম জানতে পারেন তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও জুয়ায় আসক্ত হয়ে পড়াসহ ২০ ডিসেম্বর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘চাকরি করে যে বেতন পাই তাতে সংসার চালানোই কষ্ট, জুয়া খেলার টাকা পাব কোথায়?’
গত কয়েক দিনের শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে বিজিএমইএর সভাপতি বলেন, শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি তাঁর জানা নেই। তবে কোনো কারখানা শ্রমিক ছাঁটাই করে থাকলে সেটি শ্রম আইন অনুযায়ী করেছে।
গত কয়েক দিনের চেয়ে গতকাল আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ছিল। কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। তবে রাস্তায় পুলিশ ও র্যা বের টহল চোখে পড়েনি। অনেক শ্রমিক সকালে কর্মস্থলে এলেও কারখানা বন্ধ থাকায় ফিরে যান।
খোঁজ নিয়ে জানা যায়, নিশ্চিন্তপুরের জনরন নামের একটি সোয়েটার কারখানা গতকাল খোলা ছিল। অন্য কারখানার সঙ্গে বুধবার এটিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই এলাকার অনন্ত গ্রুপের কারখানায়ও কিছু শ্রমিক কাজ করেছেন। জামগড়ার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু ছিল। নরসিংহপুরের একটি বড় কারখানার কয়েক হাজার শ্রমিকও কাজ করেছেন।
শ্রম অসন্তোষের ঘটনায় সাতটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে মোট নয়টি মামলা করেছে। এসব মামলায় সাধারণ শ্রমিক থেকে শুরু করে শ্রমিকনেতা, স্থানীয় বিএনপি নেতা, সাংবাদিকসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সাভারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিনি আক্তারসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কারখানা খোলার পাশাপাশি মালিকেরা মামলা তুলে নেবে কি না, জানতে চাইলে বিজিএমইএর সভাপতি বলেন, ‘মামলা হয়েছে ক্রিমিনালদের বিরুদ্ধে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বিজিএমইএ।’ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক দুই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ও আবদুস সালাম মুর্শেদী, বর্তমান দুই সহসভাপতি মোহাম্মদ নাছির ও মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শ্রমিকদের দাবিকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি বলেন, বাইরের উসকানিদাতা কিছু অযৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ৫৯ কারখানার শ্রমিকদের প্ররোচিত করে পোশাকশিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত হয়। সে জন্য ১১ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এতে করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
গত কয়েক দিন আশুলিয়ার বিভিন্ন এলাকার শতাধিক শ্রমিক, শ্রমিকনেতা ও বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের আন্দোলন জামগড়া এলাকার উইন্ডি অ্যাপারেলস থেকে শুরু হয়। মূলত ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ, ছুটিকালীন বেতন বহালসহ অভ্যন্তরীণ কিছু দাবি আদায়ে কর্মবিরতি করেন উইন্ডির শ্রমিকেরা। সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলন পাশের দি রোজ ড্রেসেসসহ দুই-তিনটি কারখানায় ছড়িয়ে পড়ে।
গত ২৫ নভেম্বর গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জামগড়ায় সমাবেশ করে। এতে সংগঠনেরা নেতারা ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি জানান। অন্যদিকে ১২টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা-কর্মীরা কয়েক মাস ধরে ন্যূনতম মজুরি ১৬ হাজার (মূল বেতন ১০ হাজার) টাকা করার দাবি তুলতে শ্রমিকদের সঙ্গে ঘরোয়াভাবে আলাপ-আলোচনা করে। লিফলেটও বিতরণ হয়।
একাধিক শ্রমিকনেতা বলেন, শ্রমিকদের কারখানাভিত্তিক ছোটখাটো দাবি পূরণ না হওয়ায় তা অন্য কারখানা ছড়ায়। এই সুযোগে মজুরি বাড়ানোর দাবিটি শ্রমিকদের এক নম্বর দাবিতে পরিণত হয়।
আশুলিয়ার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন শ্রমিক আলাপকালে প্রথম আলোকে বলেন, তাঁরা আন্দোলন নয়, কাজ করতে চান। তবে বর্তমান মজুরিতে তাঁদের সংসার চলে না। অল্প হলেও যাতে মজুরি বাড়ে, সে বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কাজের চাপ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি নানা অজুহাতে নির্যাতন করেন কারখানার কর্মকর্তারা, এমন অভিযোগও করেন কয়েকজন শ্রমিক।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতাদের মুক্তি দাবি করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা আন্দোলনকারী শ্রমিকদের নামে করা মামলা ও ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহারেরও দাবি জানান। এসব দাবিতে ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষ বলেন, বর্তমানে শ্রমিকেরা যে মজুরি পান তাতে তাঁদের পক্ষে বেঁচে থেকে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা, বাড়িভাড়া ৪ হাজার টাকা, চিকিৎসাভাতা ১ হাজার টাকা, যাতায়াতভাতা ১ হাজার টাকাসহ সর্বমোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করতে হবে।