আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন অর্ধলক্ষ টাকা চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন ও টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে। সরকারি দলের ছত্রচ্ছায়ায় প্রতিদিন ওই বাসস্ট্যান্ড থেকে অর্ধলক্ষ টাকারও বেশি চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ এর প্রতিবাদ করলেই তাঁকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। পুলিশ চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।টিকিট কাউন্টার ব্যবস্থাপক ও সুপারভাইজারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাইপাইলে ২৬টি টিকিট কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দেড় শতাধিক পরিবহনের টিকিট বিক্রি হয়। এসব পরিবহনের কমপক্ষে দেড় হাজার বাস প্রতিদিন বাইপাইল হয়ে যাতায়াত করে। এ ছাড়া বাইপাইল হয়ে সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরসহ কালিয়াকৈর, আবদুল্লাহপুর ও গাজীপুরে প্রায় দুই হাজার বাস, ম্যাক্সি ও লেগুনা (হিউম্যান হলার) চলাচল করে। এসব পরিবহন থেকে বাইপাইল বাসস্ট্যান্ডে নিয়মিত চাঁদা আদায় করা হয়। অনুসন্ধানে জানা গেছে, উত্তরাঞ্চলের বিভিন্ন পরিবহনসহ সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরগামী যেকোনো বাস বাইপাইল বাসস্ট্যান্ডে ভেড়ামাত্র ৫০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। ম্যাক্সি ও লেগুনা থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। গাইবান্ধাগামী কিছু পরিবহন থেকে ১০০ টাকা হারে নেওয়া হয়। এ হিসাব অনুযায়ী, গড়ে আদায় করা চাঁদার পরিমাণ অর্ধলক্ষ টাকারও বেশি। চাঁদা না দিলে কাউন্টার ব্যবস্থাপকসহ সুপারভাইজারদের নির্যাতন করা হয়। ২৮ ডিসেম্বর রাত ১০টার দিকে পঞ্চগড়গামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস বাইপাইল বাসস্ট্যান্ডে থামিয়ে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় ইলিয়াস নামে এক লোক বাসের সুপারভাইজার আল-আমিনের কাছে ৫০ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে স্থানীয় শ্রমিক নেতা মো. সোহরাব হোসেন কয়েকজনকে নিয়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে যান। কাউন্টারে গিয়ে তিনি ব্যবস্থাপক জোবায়ের আলীর কাছে চাঁদা দাবি করেন। জোবায়ের এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এতে সোহরাব ক্ষিপ্ত হয়ে জোবায়েরকে মারধর করেন। লাঠির আঘাতে জোবায়েরের বাঁ হাতের কবজি ভেঙে যায়। নাম প্রকাশ না করার শর্তে পরিবহন-সংশ্লিষ্ট আরও অনেকে অভিযোগ করেন, যুবলীগের এক নেতা ও স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছে। তাঁরা হলেন: আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি মনসুর আলম এবং আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। তাঁদের নির্দেশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করেন মিরুল, আমিনুল, লিটন, রেজাউল, মামুন ও জিয়া। পারিশ্রমিকের বিনিময়ে সোহরাব ও মনসুরের নির্দেশে তাঁরা চাঁদা আদায় করেন বলে মামুন ও জিয়া স্বীকার করেছেন। অভিযোগ প্রসঙ্গে মনসুর আলম বলেন, ‘শুধু বাইপাইলেই নয়, সারা দেশেই বিভিন্ন বাস ও ট্রাকস্ট্যান্ডে পরিবহন সমিতির নামে চাঁদা আদায় হচ্ছে। আমরা বাস ও ম্যাক্সি শ্রমিক সমিতির নামে সংশ্লিষ্টদের অনুমতি নিয়েই বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদা আদায় করছি। এটা দোষের কিছু নয়।’ সোহরাব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনটি অন্য একজনের হাতে তুলে দেন। নিজেকে সাভার উপজেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘জোবায়েরের হাতের কবজি ভেঙে দেওয়ার অভিযোগ সত্য নয়। তাঁকে বেয়াদবির সাজা দেওয়া হয়েছে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সড়ক-মহাসড়ক নিয়ন্ত্রণ করে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এর পরও কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও চাঁদার ভাগ পায়, এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার থানার কোনো কর্মকর্তা বাইপাইল থেকে চাঁদা নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ সাভার ট্রাফিকের পরিদর্শক জাহিদ আলম বিশ্বাস বলেন, ‘বাইপাইলে বিভিন্ন পরিবহন থেকে বেপরোয়াভাবে চাঁদা আদায়ের অভিযোগ শতভাগ সত্য। পরিবহন সমিতির নামে খোলামেলাভাবেই এ চাঁদা আদায় করা হলেও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার শক্তি আমাদের নেই। তাঁদের হাত অনেক বড়।’