আশুলিয়ার বাইপাইলে চাঁদাবাজি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হয়নি। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় অব্যাহত রয়েছে।গত বৃহস্পতিবার রাতে শাহাজাদপুর ট্রাভেলসের বাইপাইল কাউন্টারের ব্যবস্থাপক জোবায়ের আলী সরকারের ওপর আবারও নির্যাতন চালিয়েছে চাঁদাবাজেরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৮ ডিসেম্বর তাঁর বাঁ হাতের কবজি ভেঙে দেওয়া হয়েছিল।জোবায়ের জানান, কাউন্টারে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাসায় ফেরার পথে আশুলিয়ার বসুন্ধরা মার্কেটের সামনে পৌঁছালে সোহরাবের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাঁকে ধরে নিয়ে যায়। পরে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনসুর আলমের উপস্থিতিতে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। রড ও ইট দিয়ে তাঁর মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশে আঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পর মনসুর আলমের লোকজন তাঁকে ছিনতাইকারী হিসেবে মারধরের কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেয়। জোবায়েরও বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে মনসুর ও সোহরাবসহ ১২ জনকে আসামি করা হয়েছে।৪ জানুয়ারি প্রথম আলোয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে চাঁদাবাজেরা কিছুটা সতর্ক হয় এবং কৌশল পরিবর্তন করে। স্ট্যান্ডে সার্বক্ষণিক দাঁড়িয়ে না থেকে বিরতি দিয়ে চাঁদা আদায় করতে শুরু করে। ুুচাঁদা আদায়ের সময় বৃহস্পতিবার দুপুরে র্যাবের সদস্যরা মিরুল নামের একজনকে আটক করেন। বৃহস্পতিবার রাতেই তাঁকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। মিরুল গ্রেপ্তার হওয়ার ঘটনায় মনসুর ও তাঁর লোকজন খেপে যান। এর জের ধরেই জোবায়েরের ওপর নির্যাতন চালানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক মনসুরের ঘনিষ্ঠ একজন জানান, মনসুর ও সোহরাবের ধারণা, জোবায়েরই নানা তথ্য দিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশে সহায়তা করেছেন। এ কারণেই জোবায়েরের ওপর আবার নির্যাতন চালানো হয়।জোবায়েরকে নির্যাতনের কথা অস্বীকার করে মনসুর আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুঞ্জীভূত ক্ষোভের কারণেই জোবায়েরকে মারধর করা হয়। ঘটনার পর মনসুরের লোকজন জোবায়েরের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। জোবায়েরও মনসুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন।