আশুলিয়ার ব্যাংক ডাকাতি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার বাদী কমার্স ব্যাংক আশুলিয়া শাখার কর্মকর্তা ফরিদুল হাসানের জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়।
৭ জানুয়ারি এই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এই ১১ জন হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। তাঁদের মধ্যে পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্য সবাই জেএমবির সদস্য।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। আসামিদের কাছ থেকে ব্যাংকের লুটে নেওয়া ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেএমবির একাধিক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।