অভিযোগ গঠন হতে পারে ২১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন হতে পারে ২১ জানুয়ারি। আজ ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই তারিখ ধার্য করেছেন। এর আগে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ব্যাপারে আদালতে আবেদন করেন। আদালতকে তিনি বলেন, এ মামলাটি চাঞ্চল্যকর। আশুলিয়ার কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আটজন লোকের মৃত্যু হয়েছে।
পরে আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন, অনেকের আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। তাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করা হোক। আদালত ২১ জানুয়ারি বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
এর আগে ৭ জানুয়ারি এ মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই ১১ জন হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। তাঁদের মধ্যে পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্য সবাই জেএমবির সদস্য।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। আসামিদের কাছ থেকে ব্যাংকের লুটে নেওয়া ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেএমবির একাধিক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।