আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়া ও মিরপুরে শ্রমিক বিক্ষোভের পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে পোশাকমালিকদের দুই সমিতি বিজিএমইএ ও বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এক সংবাদ সম্মেলনে সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা কোনো বেতন পাবেন না।’ বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম জানান, আজ থেকে কোনো এলাকায় গন্ডগোল হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর থেকে আশুলিয়ার ৮০ থেকে ৯০ শতাংশ মালিক কারখানা খুলতে পারছেন না। শ্রমিকেরা কারখানায় এসে কার্ড পাঞ্চ করছেন, কিন্তু কাজ করছেন না।’সভাপতি বলেন, মালিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তাঁরা কারখানা চালাতে অপারগতা প্রকাশ করেছেন।আতিকুল ইসলাম দাবি করেন, তাজরীন ও স্মার্টের অগ্নিকাণ্ডের পর বিজিএমইএ নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কাজ করেছে। রানা প্লাজার ঘটনায়ও আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করছি। আমরা নিজেরাই শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি। সেই ধারাবাহিকতায় মজুরি বোর্ড গঠিত হয়েছে। তিনি আরও বলেন, ‘শ্রমিকেরা শ্রম আইনবহির্ভূত দাবিদাওয়া করছেন। মিরপুরে আজ (গতকাল) তাঁরা বিশৃঙ্খলা করেছেন। এ কারণে অনেক কারখানা বন্ধ ছিল।’তবে এই বিশৃঙ্খলার জন্য বরাবরের মতোই একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করেন সভাপতি। তিনি পোশাকশ্রমিকদের উদ্দেশে বলেন, ‘সুশৃঙ্খল শ্রমিক হিসেবে আপনাদের সুনাম আছে। কিন্তু আপনাদের সরলতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী এই কাজ করছে। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার দুয়ার খোলা থাকবে। এটি চিরস্থায়ী বন্ধ না। সাময়িক বন্ধ। পরিস্থিতি অনুকূলে আসলেই আমরা কারখানা খুলে দিব।’ তিনি ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।