আশুলিয়ার সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফের অপসারণের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন দলিল লেখকেরা। এ সময় আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
গতকাল বেলা ১১টায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর আবু হানিফ আশুলিয়ায় যোগদানের পর থেকে নানা অজুহাতে দলিল লেখকসহ দাতা-গ্রহীতাদের হয়রানি করছেন। ঘুষ ছাড়া তিনি কোনো দলিল নিবন্ধন করেন না। এ কারণে ২২ সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ করে ধর্মঘট পালন করা হচ্ছে।
গতকালের মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম ভূইয়াসহ কয়েকজন কর্মকর্তা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
নূরে আলম ভূইয়া বলেন, ‘সৃষ্ট অচলাবস্থা নিরসনে গতকাল উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম। কিন্তু সাব-রেজিস্ট্রার এসব বিষয়ে কথা না বলায় সমঝোতা করা সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, আইনমন্ত্রীসহ নিবন্ধন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হবে। তাঁরা সঠিক পদক্ষেপ না নিলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।
যোগাযোগ করা হলে আবু হানিফ বলেন, অযৌক্তিকভাবে দলিল লেখকেরা ধর্মঘট করে যাচ্ছেন। তাঁদের ধর্মঘটের কারণে দলিল নিবন্ধনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।