আশুলিয়ার সোয়েটার কারখানার ৬৫০ শ্রমিককে ছাঁটাই
শ্রমিক অসন্তোষের জের ধরে ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার সাফা সোয়েটার লিমিটেড নামের একটি কারখানার ৬৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে কারখানার বাকি শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাবি অনুযায়ী সোয়েটারপ্রতি পারিশ্রমিক না দেওয়ায় কারখানার এক হাজারেরও বেশি শ্রমিক গত রোববার কাজ বন্ধ করে দিনভর কারখানার ভেতর বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল সোমবার সকালে কর্মস্থলে উপস্থিত হয়েও শ্রমিকেরা একই দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভরত শ্রমিকেরা ৬৫০ জন শ্রমিককে ছাঁটাই করার বিষয়টি জানতে পারেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ কারখানাটিতে অবস্থান নিয়ে শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে সন্ধ্যায় শ্রমিকেরা বাড়ি চলে যান।কারখানার মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান, শ্রমিকেরা অযৌক্তিকভাবে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। দাবি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া সম্ভব নয়। তাই প্রচলিত নিয়মানুযায়ী দেনাপাওনা পরিশোধ করে ৬৫০ জন শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা এড়াতে ওই কারখানাসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।