আশুলিয়ার ৩ পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
ঢাকার আশুলিয়া থানা এলাকায় শ্রমিক ছাঁটাই এবং পারিশ্রমিক বাড়ানোর দাবিতে পোশাক তৈরির তিনটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। কারখানা তিনটির দুটি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভেতরে এবং অপরটি আশুলিয়ার আউখপাড়ায় অবস্থিত।শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোন ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিইপিজেডের ভেতরে অবস্থিত একই মালিকের দুটি প্রতিষ্ঠান ইয়ং এ টেক্সটাইল ও ইল কং টেক্সটাইলের চারজন শ্রমিককে গত সোমবার ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে ও ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবিতে কারখানা দুটির শ্রমিকেরা ডিইপিজেডের ভেতরে বিক্ষোভ শুরু করেন। ডিইপিজেড কর্তৃপক্ষ ও শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন। শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় থাকায় প্রথম দফার চেষ্টা ব্যর্থ হয়। পরে ডিইপিজেড কর্তৃপক্ষ মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকে বসে। বিকেল চারটার দিকে মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে বাড়ি চলে যান। অপরদিকে, আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি উৎপাদনমজুরি বাড়ানোর দাবিতে গত সোমবার বিক্ষোভ করেন। গতকাল কারখানাটি খোলা হলে আবারও তাঁরা একই দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রায় অর্ধেক শ্রমিক দুপুরের দিকে কাজে যোগ দেন। বাকিরা বিক্ষোভ অব্যাহত রাখেন। বিকেল পাঁচটা পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে বিক্ষোভকারীরা বাড়ি চলে যান।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ আউখপাড়ার এবং শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেসুর রহমান ডিইপিজেডের শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।