‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত ঢাকার আশুলিয়ার ইসমাইল হোসেনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভিটেহারা ক্ষতিগ্রস্ত লোকজন গতকাল আশুলিয়ার গাজীরচট এলাকায় আনন্দ মিছিল করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ্ পারভেজ বলেন, রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসমাইলকে গতকাল গাজীরচট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, ভূমি দখল ও লুটপাটের অন্তত সাতটি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান সড়কের বাসিন্দা ইসমাইল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গোপালগঞ্জের কয়েকজন ব্যক্তির সঙ্গে সখ্য গড়েন। এরপর ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সব লোকজনের সহায়তায় আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে নিরীহ লোকজনকে উৎখাত করে তাদের জমি দখল করে আসছিলেন। কেউ প্রতিবাদ করলে তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। গাজীরচটের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, ইসমাইলের খপ্পরে পড়ে অনেক লোক জমিজমা হারালেও তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেননি। তবে ক্ষতিগ্রস্ত কয়েক ব্যক্তি প্রভাবশালী লোকজনের সহায়তায় মামলা করতে সক্ষম হন। এর পরও পুলিশ ইসমাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নানা অপতৎপরতা চালিয়ে আসছিলেন।আল মামুন গ্রুপের পরিচালক মামুন হোসেন বলেন, গত বছরের ডিসেম্বর মাসে ইসমাইল হোসেন সশস্ত্র লোকজন নিয়ে গাজীরচট এলাকায় এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুর রহিম খান ও তাঁর স্ত্রীর নামে কেনা জমি থেকে এক একর জমি দখল করে নেন। এখনো তাঁরা ওই জমি উদ্ধার করতে পারেননি। এ ব্যাপারে ইসমাইলের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। যোগাযোগ করা হলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘ইসমাইল একজন ভূমিদস্যু। জমি দখল করে তিনি অনেককে সর্বস্বান্ত করেছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’