আশুলিয়ায় অগ্নিকাণ্ড
রাজধানীর অদূরে আশুলিয়ায় বাইপাইল এলাকায় সোমবার রাতে আগুনে চারটি ঘর পুড়ে গেছে। খবর দেওয়ার পরও দেরিতে পৌঁছানোর কারণে বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদস্যদের মারধর করে দুটি গাড়ি ভাঙচুর করেছে। এতে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় শফিউদ্দিনের বাড়িতে আগুন ধরে। আগুন দেখে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ওই বাড়ির চারটি কক্ষ প্রায় পুড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করেন। এতে অন্তত পাঁচজন আহত হন। ডিইপিজেড ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু যানজট আর সরু রাস্তার কারণে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এ কারণে স্থানীয়রা তাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও মারধর করে।