আশুলিয়ায় অটোবাইক চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকা থেকে গতকাল বুধবার সকালে রশীদ খান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খারেজ আলীর ছেলে। তিনি সাভারের সিআরপি সড়কে থাকতেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয়রা ডেইরি ফার্ম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রশীদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর বুকে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। রশীদের ভাগনে আবদুস সালাম বলেন, মাস তিনেক আগে তাঁর মামা পরিবারের কাউকে না জানিয়ে সাভারে চলে আসেন। এর পর থেকে স্ত্রী, সন্তানসহ পরিবারের কোনো সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। তিনি কোথায় থাকতেন, তা-ও আমাদের জানা ছিল না।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সাভারে আসার পর রশীদ আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সাভারের সিআরপি সড়কের একটি ভাড়া বাসায় থেকে অটোবাইক চালাতেন। ওই কর্মকর্তা আরও বলেন, রশীদ সম্ভবত অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণেই তিনি সাভারে এসে গা ঢাকা দেন। তাই আগের কোনো কর্মকাণ্ডের সূত্র ধরে শত্রুতাবশত তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। দ্বিতীয় বিয়েও তাঁর জন্য কাল হতে পারে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, রশীদের মৃত্যু রহস্যজনক।