আশুলিয়ায় অপহরণ টাঙ্গাইলে উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে অপহূত স্কুলছাত্র হাকিম উল্লাহকে (৬) পুলিশ উদ্ধার করেছে। অপহরণের এক দিন পর গতকাল বুধবার টাঙ্গাইলের ভূয়াপুর থেকে তাকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে পুলিশ তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে। হাকিম ভাদাইল শাজাহান প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের ছাত্র এবং ওই এলাকার আবুল খায়েরের ছেলে। গ্রেপ্তার হওয়া অপহরণকারীরা হলেন: টাঙ্গাইলের ভূয়াপুরের বিকতারইল গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল (২৩), একই এলাকার মোহন (২০) ও মানিকগঞ্জের দেলোয়ার হোসেন (২২)। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও অপহূতের পারিবারিক সূত্র জানায়, পরীক্ষার ফলাফল জানার জন্য গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হাকিম বাসা থেকে বের হয়। সে আর বাসায় ফেরেনি। এর কয়েক ঘণ্টা পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুঠোফোনে হাকিমকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নানাভাবে চেষ্টা করে ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে আবুল খায়ের গত মঙ্গলবার আশুলিয়া থানায় অপহরণ মামলা করেন। পুলিশ গতকাল বিকেল পাঁচটার দিকে ভূয়াপুরের বিকতারইল গ্রামে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে হাকিমকে উদ্ধার করে। পুলিশ এ সময় রাসেলসহ ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশি হেফাজতে মোহন সাংবাদিকদের জানান, আগের পরিচয়ের সূত্র ধরে হাকিমকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী তিনি সোমবার দুই সহযোগীকে নিয়ে রাস্তায় ওত পেতে থাকেন। বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে তিনি হাকিমকে দাঁড় করান। এরপর তাকে বিভিন্ন খাবার কিনে দিয়ে বেড়ানোর কথা বলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) নিয়ে যান। সেখান থেকে হাকিমকে বাসে করে রাসেলদের বাড়ি নেওয়ার পর মুক্তিপণ দাবি করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, রাসেল, মোহন ও দেলোয়ার একসময় আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক বছর আগে তাঁরা চাকরি ছেড়ে দিয়ে ভাদাইল এলাকায় থেকে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন।