আশুলিয়ায় অপহূত শিশু গাজীপুর থেকে উদ্ধার
রাজধানীর অদূরে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকা থেকে ছয় বছরের অপহূত শিশু সাদিয়া আক্তারকে পুলিশ গতকাল শুক্রবার গাজীপুর থেকে উদ্ধার করেছে। এ সময় পুলিশ দুই অপহরণকারীকেও আটক করেছে।আশুলিয়া থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কাইচাবাড়ী এলাকার ছামাদের বাড়ির ভাড়াটে সামছুল আলমের মেয়ে সাদিয়া আক্তার অপহূত হয়। এ সময় সাদিয়ার বাবা পোশাকশ্রমিক সামছুল আলম ও মা রানী আক্তার বাসায় ছিলেন না। সন্ধ্যায় বাসায় ফিরে মেয়েকে না পেয়ে সামছুল আলম বাদী হয়ে আশুলিয়া থানায় অপহরণ মামলা করেন। মামলা করার পর অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাংলাবাজার পশ্চিম বাহাদুর গ্রামের জলিলের বাড়ি থেকে সাদিয়াকে উদ্ধার করে। পুলিশ এ সময় জলিলের স্ত্রী সালমা বেগম ও সালমার ভাই রবিউলকে আটক করে। সাদিয়ার মা রানী আক্তার জানান, একই বাসার ভাড়াটে পোশাকশ্রমিক রবিউল তাঁদের একটি মুঠোফোনসহ সাদিয়াকে অপহরণ করে তাঁর বোনের বাসায় রেখে আসেন। এরপর ওই ফোন দিয়েই তাঁদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার প্রথমে গাজীপুর থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বোনের বাড়ি থেকে উদ্ধার করা হয় সাদিয়াকে।