ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে গত রোববার রাতে একটি পিস্তল ও গুলিসহ পরান ওরফে সওদাগর (২৮) এবং চঞ্চল (৩০) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অন্য কয়েকজন যুবক। পরানের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফুলচাড়া গ্রামে আর চঞ্চলের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায়।আশুলিয়া থানার পুলিশ জানায়, রোববার রাত একটার দিকে জামগড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবলীগের নেতা সুমন ভূইয়া পুলিশকে ফোন করে জানান তাঁরা অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন। এরপর থানার উপপরিদর্শক (এসআই) সামশুল হক জামগড়া এলাকার হেয়ন অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার কাছে যান। তখন সুমন ও তাঁর আত্মীয় উজ্জ্বল ভূইয়াসহ আরও কয়েকজন যুবক একটি পিস্তল ও পাঁচটি গুলিসহ পরান এবং চঞ্চলকে পুলিশের হাতে তুলে দেন।এ ঘটনায় উজ্জ্বল ভূইয়া গতকাল পরান ও চঞ্চলের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন। এজাহারে বলা হয়, উজ্জ্বল ও সুমনসহ তাঁরা কয়েকজন বাসায় ফিরছিলেন। পরান ও চঞ্চলসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করে। এ সময় পরান পিস্তল বের করার চেষ্টা করলে তাঁরা পরান ও চঞ্চলকে জাপটে ধরে চিৎকার দেন। তখন অন্যরা পালিয়ে যায়।পুলিশের হেফাজতে থাকা চঞ্চল এবং পরান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে কোনো অস্ত্র এবং গুলি ছিল না। পূর্বশত্রুতার জের ধরে সুমন পরিকল্পিতভাবে তাঁদের ফাঁসিয়ে দিয়েছে।