আশুলিয়ায় আকিজ ফুটওয়্যারে আগুন
ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আকিজ ফুটওয়্যার লিমিটেড কারখানার রাসায়নিক পদার্থের গুদামে আগুন লাগে। এর আগে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাভার পৌরসভার বাজার সড়কে দুটি দোকান পুড়ে গেছে।আশুলিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে নরসিংহপুরে আকিজ ফুটওয়্যারের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।আগুনে কারখানার প্রায় ৭০ লাখ টাকার রাসায়নিক পদার্থ পুড়ে গেছে বলে দাবি করেছেন কারখানার ব্যবস্থাপক ইকবাল হোসেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাব্বির আহাম্মদ বলেন, ‘আগুন নেভানোর পর প্রাথমিক তদন্তে গুদামে বৈদ্যুতিক সংযোগের আলামত পাওয়া যায়নি। তাই অগ্নিকাণ্ডের কারণও আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।’সাভারে আগুন: বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাভার পৌরসভার বাজার সড়কে সান্ত্বনা ডেকোরেটর ও মায়ের দোয়া বেডিং স্টোর নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে দুটি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।আগুনে দুটি প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাইসার মাতাব্বর।