আশুলিয়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় গতকাল শনিবার সকালে আগুনে পুড়ে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন বলেছেন, রান্নার সময় অসাবধানতাবশত আগুন লেগে তাঁর গা পুড়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কিন্তু প্রতিবেশীরা জানিয়েছেন, দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীরচট এলাকার সুলতান মুন্সির ছেলে মামুন মুন্সি বছর দেড়েক আগে প্রেম করে বিয়ে করেন জান্নাতুল ফেরদৌসকে। গতকাল সকাল আটটার দিকে হইচই শুনে প্রতিবেশীরা মামুনদের বাড়িতে যান। এ সময় রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা হয় জান্নাতুল ফেরদৌসকে। তাঁর শরীরের প্রায় পুরোটাই অগ্নিদগ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মামুনের বাবা সুলতান মুন্সি জানান, প্রেম করে বিয়ে করার কারণে ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। একই বাড়িতে বসবাস করলেও ছেলের সংসার আলাদা ছিল।মামুনের মা শরীফা বেগম জানান, তাঁর পুত্রবধূ আত্মহত্যা করেননি। রান্নার সময় অসতর্কতাবশত তাঁর শরীরে আগুন ধরে যায়।তবে নাম প্রকাশ না করে কয়েকজন প্রতিবেশী জানান, বিয়ের পর থেকে বাবার সঙ্গে মিল না থাকায় অর্থকষ্টে মামুনের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কয়েক দিন ধরেই স্বামী-স্ত্রীর বেশ কলহ চলছিল। এর জের ধরেই সম্ভবত জান্নাতুল আত্মহত্যা করেছেন।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী খায়রুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে জান্নাতুল আত্মহত্যা করেছেন। তবে পরিবারের লোকজন এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলছেন না।