আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে ৪০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার একটি শ্রমিকপল্লিতে গতকাল শনিবার সকালে আগুনে কমপক্ষে ৪০টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকপল্লিতে একটি দোকানের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) থেকে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মালামালসহ ওই শ্রমিকপল্লির কমপক্ষে ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।শ্রমিকপল্লির ব্যবস্থাপক ও দোকানটির মালিক ওবায়দুর রহমান জানান, শ্রমিকপল্লিটিতে ২০০ আধাপাকা ঘর রয়েছে। সেখানে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বাস করেন। ঘটনার সময় তাঁদের কেউ ঘরে ছিলেন না। এ কারণে ক্ষতিগ্রস্ত ঘরগুলো থেকে কোনো মালামাল বের করা যায়নি। তিনি জানান, আগুনে তাঁর দোকান ও গুদামে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিক আলো আক্তার জানান, আগুনে তাঁর রেফ্রিজারেটর, টেলিভিশনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।