আশুলিয়ায় আগুনের ঘটনায় তিন কর্মকর্তা গ্রেপ্তার
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে পোশাক কারখানাটির তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। সাভার ও রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ওই তিনজন হলেন: তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা দুলালউদ্দিন (৩৭), গুদামরক্ষক হামিদুল ইসলাম (৩১) ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. আল-আমিন (২৭)। পুলিশ সূত্র জানায়, আশুলিয়া থানার পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ নিশ্চিন্তপুর থেকে আল-আমিন, রাজধানীর রামপুরার বনশ্রী থেকে দুলালউদ্দিন ও উত্তর বাড্ডার হোসেন মার্কেটের পাশের একটি বাসা থেকে হামিদুলকে গ্রেপ্তার করে। অগ্নিকাণ্ডের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। গত শনিবার সন্ধ্যায় সাভারের নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, আহত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এ তিনজনের নাম পাওয়া গেছে। আশুলিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসপি হাবিবুর রহমান বলেন, তাঁরা অগ্নিকাণ্ডের সময় শ্রমিকদের ছাদে উঠতে ও নিচে নামতে বাধা দিয়েছেন। তাঁরা দরজা বন্ধ করে রেখে মহড়া হচ্ছে বলে শ্রমিকদের বের হতে দেননি। এসপি আরও বলেন, তাজরীনের সিসিক্যামেরা পুড়ে যাওয়ায় ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। শিশু দিবা পরিচর্যা কেন্দ্রে কোনো শিশু ছিল না। সেখানে কোনো শিশুর লাশ পাওয়া যায়নি। মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সঙ্গে মালিকপক্ষের কথা হয়েছে বলে তিনি শুনেছেন। তদন্তে মালিকের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। সাভারের অন্য একটি পোশাক কারখানায় আগুন ধরানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া সুমি আক্তার তাজরীনের ঘটনায় জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার তিনজনকে সাংবাদিকদের সামনে আনা হয়নি। অগ্নিসংযোগে অগ্নিকাণ্ড ও নরহত্যার অভিযোগে গত রোববার আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন উপপরিদর্শক খায়রুল ইসলাম। আদালত প্রতিবেদক জানান, গতকাল আশুলিয়া থানার পুলিশ গ্রেপ্তার দুলাল, হামিদুল ও আল-আমিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠায়। শুনানির পর ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।