আশুলিয়ায় আনসার সদস্যদের মারধরের অভিযোগে আটক ৫
ঢাকার সাভারের আশুলিয়া থানার নয়ারহাট এলাকার কোহিনূর স্পিনিং মিলে কর্তব্যরত কয়েকজন আনসার সদস্যকে গতকাল মঙ্গলবার মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঝুট ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।আটক ব্যক্তিরা হলেন আশুলিয়ার চাকলগাঁও গ্রামের ইসরাফিল (২৮), মিজান (২৬), রিপন (২৫), সোহাগ (২৪) ও সাদেক (২৫)।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাভার ক্যাম্প এবং সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা মিলের ভেতরে ঢোকার চেষ্টা করে। কর্তব্যরত আনসার সদস্য সোলায়মান ও পুষ্পজিত তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আনসার সদস্যদের মারধর করে। আনসার সদস্যদের কাছে থাকা অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ঢুকে কর্তৃপক্ষের কাছে ঝুট ব্যবসা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় আনসার ক্যাম্প থেকে বিষয়টি র্যাবকে জানানো হয়। খবর পেয়ে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।সোলায়মান ও পুষ্পজিত অভিযোগ করেন, ‘কারখানার ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় তারা আমাদের মারধর করে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’ র্যাব সাভার ক্যাম্পের অধিনায়ক শাহ্ মিজান-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।