আশুলিয়ায় আবার শ্রমিক অসন্তোষ, ৭২ জনকে ছাঁটাই
ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার পাল গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল বুধবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন। মানসম্মত খাবারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভের আয়োজন করেন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ করায় গত দুই দিনে কারখানাটির ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ নিয়ে গতকাল কারখানাটিতে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার ভেতরে প্রবেশ করার সময় ৩২ জন শ্রমিককে বাধা দেওয়া হয়। এ সময় তাঁদের ছাঁটাই করার বিষয়টি জানাজানি হয়ে গেলে কারখানার সব শ্রমিক বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের মধ্যস্থতায় সকাল ১০টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরেই দুপুরে তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছিল। এসব খাবার খেয়ে অনেকবারই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। বারবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় গত সোমবার থেকে তাঁরা আন্দোলন শুরু করেন।শ্রমিকেরা অভিযোগ করেন, নিম্নমানের খাবার পরিবেশন করার প্রতিবাদ করতে গিয়ে যেসব শ্রমিক অগ্রণী ভূমিকা রেখেছেন, বেছে বেছে তাঁদেরই ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের আগে অনেক শ্রমিককে পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখিয়ে জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ সাংবাদিকদের জানান, কাজ না থাকায় সব সুযোগ-সুবিধা দিয়েই তাঁদের ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেন। তবে নিম্নমানের খাবার পরিবেশনের কথা তিনি অস্বীকার করেন। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মো. মুখলেসুর রহমান বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এমন শ্রমিকদেরই ছাঁটাই করা হয়েছে। তবে এ নিয়ে গতকাল তেমন কোনো অসন্তোষ ছিল না।