আশুলিয়ায় আবারও নাশতা খেয়ে শতাধিক পোশাকশ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশতা খেয়ে আবারও ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গতকাল শনিবার একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খাবারের বিষক্রিয়ার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি আশুলিয়ার বেরন এলাকার একটি কারখানার চার শতাধিক শ্রমিক রাতের নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েন।আশুলিয়া থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল আশুলিয়ার নাসা গ্রুপের নাসা বেসিক লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক রাতের পালার কাজ করছিলেন। রাত সোয়া সাতটার দিকে তাঁদের কেক, রুটি ও কলা খেতে দেওয়া হয়। নাশতা খাওয়ার ১৫ মিনিটের মধ্যেই কারখানার বিভিন্ন তলার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁদের দ্রুত স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্র এবং নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয় প্রায় ১০০ জন শ্রমিককে। কিন্তু হাসপাতালটিতে মাত্র তিনজন চিকিৎসক কর্মরত থাকায় তাঁদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। এ সময় অনেকের আত্মীয়স্বজন অসুস্থদের পাশের অন্য হাসপাতালে নিয়ে যান। কারখানার অসুস্থ শ্রমিক নাসরিন, মুক্তা, হামিদাসহ আরও অনেকে জানান, নাশতা খাওয়ার মিনিট দশেকের মধ্যে তাঁদের বমি হতে থাকে। এরপর তাঁরা মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুনুর রশিদ জানান, তাঁদের হাসপাতালে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৮০ জন শ্রমিক ভর্তি হয়েছেন। এই সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসক সুরোজিত সাহা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা সংকটজনক নয় বলেও তিনি দাবি করেন।