আশুলিয়ায় আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১৫ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল মঙ্গলবার আবারও শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ১৫ শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামগড়া এলাকার এনভয় ডিজাইন লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ না দিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। সকাল ১০টার দিকে পুলিশ কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ ধাওয়া করলে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের দ্বিতীয় দফায় লাঠিপেটা শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আধা ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষের পর শ্রমিকেরা পিছু হটে মহাসড়ক ছেড়ে আশপাশের এলাকায় ঢুকে পড়েন। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫ শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের তাড়া খেয়ে এনভয়ের শ্রমিকেরা তাঁদের কারখানা থেকে আধা কিলোমিটার দূরে হিয়ং অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালান। ভেতরে ঢুকতে না পেরে তাঁরা বাইরে থেকে পাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় লাঠিপেটা করলে শ্রমিকেরা সেখান থেকে চলে যান।এ ব্যাপারে এনভয় ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মনজুর মোর্শেদ বলেন, ‘সরকারি নিয়মানুযায়ী সব সুযোগ-সুবিধা আমরা শ্রমিকদের দিয়ে আসছি। তার পরও কিছু অন্যায্য দাবিতে তাঁরা দুই দিন ধরে বিক্ষোভ করছেন।’ শ্রমিক বিক্ষোভের কারণে কারখানা মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এনভয়ের শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তাঁরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার তা করতে পারেননি।গাজীপুরে বিক্ষোভ: আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, পোশাকের উত্পাদন মজুরি (প্রাইজ রেট) কমানোর প্রতিবাদে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় গিভেন্সি গ্রুপের জাহিন টেক্সটাইলের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছেন।জানা গেছে, কর্তৃপক্ষ প্রতিটি পোশাকের উত্পাদন মজুরি ৩১ টাকা থেকে কমিয়ে ২৬ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বলে শ্রমিকেরা জানতে পারেন। কিন্তু এ ব্যাপারে তাঁরা কারখানার কয়েকজন কর্মকর্তার কাছে জানতে চেয়ে ব্যর্থ হন। এরপর দুপুর দুইটার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রশাসনিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের একাংশ কারখানার উত্পাদন ব্যবস্থাপক শেখর রঞ্জন সাহা ও সুমন আহমেদ, কারখানা ব্যবস্থাপক মামুন হালিম, সহকারী উত্পাদন ব্যবস্থাপক মো. মামুন ও শওকত হোসেনকে লাঞ্ছিত করে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের মধ্যস্থতায় কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে বৈঠক হয়। স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৈঠকে সমঝোতা হয়েছে। কর্তৃপক্ষ আগামীকাল (আজ বুধবার) সকাল আটটার মধ্যে প্রাইজ রেট বাড়িয়ে নোটিশ টাঙানোর ঘোষণা দিয়েছে এবং শ্রমিকেরাও তা মেনে নিয়েছেন।গিভেন্সি গ্রুপের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শুনেছি, শ্রমিকেরা অভিযোগ করছেন, প্রাইজ রেট কমানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।’