আশুলিয়ায় আরও একটি পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল শুক্রবার মিলেনিয়াম টেক্সটাইল মিলস লিমিটেড নামের আরও একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। একই কারণে গত বৃহস্পতিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) একটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা একজোট হয়ে সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। শ্রমিকেরা ওই এলাকার আরও কয়েকটি কারখানায় হামলা চালালে কারখানাগুলোয় গতকাল ছুটি ঘোষণা করা হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া এলাকার মিলেনিয়াম টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকেরা মজুরি ও ভাতা বাড়ানোসহ ২১ দফা দাবিতে বৃহস্পতিবার কর্মস্থলে গিয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কারখানার মূল ফটক বন্ধ করে কারখানার নিয়ন্ত্রণ নেন। বিকেল চারটার দিকে শ্রমিকেরা মালিক ও কর্মকর্তাদের জিম্মি করে তাঁদের দাবি পূরণে প্রতিশ্রুতি আদায় করেন। এরপর শ্রমিকেরা কারখানা ছেড়ে গেলে মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাতেই কারখানার মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হন। তাঁরা ফটক ভেঙে কারখানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা আবার একজোট হয়ে কারখানার সামনে সাভার-জিরাব সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। পুলিশের লাঠিপেটা ও ধাওয়ার মুখে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস, পূর্ণিমা স্পোর্টস লিমিটেড, ক্রসওয়্যার লিমিটেড ও টেক্সটাউন নামে চারটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।মিলেনিয়াম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইউসুফ আল হোসাইন বলেন, ‘শ্রমিকেরা অতিরিক্ত কাজে দ্বিগুণ পারিশ্রমিক, কাজ না করলেও হাজিরা বোনাস প্রদান এবং অসুস্থ শ্রমিকদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করাসহ ২১টি দাবি জানিয়ে আসছিলেন। এর মধ্যে আটটি ছাড়া বাকি সব দাবি অযৌক্তিক, যা মালিকপক্ষের পূরণ করা সম্ভব নয়। এ কারণে কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মিলেনিয়াম টেক্সটাইল মিলস লিমিটেড বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।