অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গতকাল বুধবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি পোশাক কারখানাসহ (ডিইপিজেড) আশুলিয়ার পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ শুরু হলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ শ্রমিক আহত হন।অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গতকাল আশুলিয়ার নরসিংহপুরের শারমিন অ্যাপারেলস, শারমিন ফ্যাশনসসহ শারমিন গ্রুপের তিনটি পোশাক কারখানা ও ওই এলাকার ডেকো ডিজাইন এবং ডিইপিজেডের এ-ওয়ান বিডি লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে বলে কারখানার মূল ফটকে নোটিশ টানানো হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানানো দেখে বিক্ষোভ করেন। তাঁরা কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন। শ্রমিকেরা জানান, তাঁরা কিছুদিন ধরে নাশতার টাকা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মেনে গতকাল থেকে কারখানা বন্ধ করে দেয়। নরসিংহপুরের মেডলার, ডেকো ডিজাইন লিমিটেডসহ ওই এলাকার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকাল বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এখানে আরও ১০ জন শ্রমিক আহত হন। এদিকে সকাল ১০টার দিকে পশ্চিম নরসিংহপুরের শিন শিন নামের একটি পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকেরা ঢিল ছুড়লে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়। কারখানার কর্মকর্তা তারিকুল আলম জানান, তাঁদের কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন। নাশকতার আশঙ্কায় কারখানাটি গতকাল ছুটি দেওয়া হয়। ডিইপিজেডের এ-ওয়ান বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানাও গতকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ জানায়, ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের দাবিতে শ্রমিকেরা গত মঙ্গলবার থেকে বিক্ষোভ করছেন। শ্রমিক অসন্তোষের কারণে গতকাল কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। তবে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর দাবি করেন, কারখানাটির আংশিক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার অথবা রোববার থেকে খোলা হবে। পোশাক কারখানায় আগুন: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে নরসিংহপুরের বান্দু ডিজাইন লিমিটেড কারখানার চারতলা ভবনের নিচতলায় গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সংকেত শুনে কারখানা থেকে বেরিয়ে পড়েন শ্রমিকেরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগে কারখানার লোকজন নিজেদের ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।