আশুলিয়ায় ইকবালকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইকবাল হোসেন (৩০) শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছিলেন বলে দাবি করছে র‌্যাব। তাঁর বিরুদ্ধে আশুলিয়া ও উত্তরা থানায় হত্যা এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তবে ইকবালের পরিবার দাবি করছে, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১০ সালের মে মাসে খেজুরবাগান এলাকার সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন ইকবাল ও তাঁর সহযোগীরা। ওই ঘটনায় সাইফুলের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়। ইকবালসহ অন্যরা গ্রেপ্তারও হন। পরে জামিনে বের হয়ে সাইফুলের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন ইকবাল। বিষয়টি জানার পর র‌্যাব ওই এলাকায় নজরদারি বাড়ায়। বুধবার রাত ১১টার দিকে ইকবাল ও তাঁর সহযোগীরা মোটরসাইকেলযোগে সাইফুলদের বাড়িতে গিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকেন। র‌্যাব-১-এর একটি দল গুলির শব্দ টের পেয়ে ওই বাড়ির দিকে এগিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ছয়টি তাজা গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে ইকবালের মামা আবদুল গাফ্ফার দাবি করেন, ইকবাল ও তাঁর পরিবারের সদস্যরা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় তাঁদের বাড়িতে প্রায় এক বছর বসবাস করছেন। বুধবার রাতে ইকবালকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে খেজুরবাগান এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন বলে তাঁরা জানতে পারেন। ইকবালের চাচা মহর আলী অভিযোগ করেন, ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম বলেন, ইকবাল ও তাঁর ভাই মোজাম আশুলিয়ার খেজুরবাগান এলাকার পোশাকশ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করতেন। তাঁরা ছিনতাইসহ নানা অপকর্মে যুক্ত ছিলেন।র‌্যাব-১ সূত্র জানায়, সাইফুল হত্যার পর ওই বছর জুলাইয়ে ইকবাল একটি পিস্তল, একটি শাটারগান, আটটি গুলি ও দুটি গুলির খোসাসহ র‌্যাবের হাতে ধরা পড়েন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে উত্তরা থানায় অস্ত্র আইনে মামলা হয়। একটি হত্যা ও একটি অস্ত্র আইনে মামলা থাকার পরও ইকবাল জামিনে ছাড়া পান। এরপর এলাকায় এসে নানা অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।