আশুলিয়ায় এক কেজি হেরোইন উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকা থেকে পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে এক কেজি হেরোইন উদ্ধার করেছে। হেরোইন পাচারে জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ উত্তর গাজীরচট এলাকার সাবেক ইউপি সদস্য আবু তাহেরের বাসায় অভিযান চালায়। পুলিশ ওই বাসার ভাড়াটে আবদুল মতিনের ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের এক প্যাকেট হেরোইন উদ্ধার করে। হেরোইন রাখার অভিযোগে মতিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আছার গ্রামে। গতকাল বুধবার সকালে মনির হোসেন নামের এক ব্যক্তি ওই বাড়িতে গেলে জনতা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। তাঁর বাড়ি ময়মনসিংহে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, মতিন হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত বা পাচারকারী কি না, তা স্পষ্ট নয়। গ্রেপ্তারের পর মতিন পুলিশকে জানিয়েছেন, মনির হোসেনসহ দুই ব্যক্তি মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁর বাসায় হেরোইনভর্তি প্যাকেটটি রেখে যান।