ব্যাপক শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকজন কর্মকর্তাকে মারধর ও কারখানা ভাঙচুরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীপুর এলাকার কুশিয়ারা নিট কম্পোজিট নামের পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে এসে চুক্তিভিত্তিক শ্রমিক ছাঁটাই ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এরপর তাঁরা কারখানার মেশিন ভাঙচুর করে তৈরি পোশাক ও কাপড় নষ্ট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপুর একটার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।কারখানার মালিক সামাদ চৌধুরী জানান, কারখানার ৩০টি লাইনের মধ্যে ২০টি লাইনে কাজ করেন নিয়মিত শ্রমিকেরা। বাকি ১০টি লাইনে ঠিকাদারদের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া শ্রমিকেরা কাজ করেন। চুক্তিভিত্তিক শ্রমিকদের কাজ বন্ধ করার জন্য এক মাস ধরে বিক্ষোভ করে আসছেন নিয়মিত শ্রমিকেরা।সামাদ চৌধুরী আরও জানান, বিশৃঙ্খলা এড়াতে শনি ও রোববার কারখানাটির ডায়িং ও নিটিং বিভাগ এবং অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানার মূল ফটকে এ-সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।