আশুলিয়ায় একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভারের আশুলিয়া থানার আউখপাড়া এলাকার ‘ডাইনেস্টি সোয়েটার’ নামের একটি পোশাক কারখানা গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কারখানা কর্তৃপক্ষ চার শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার কারখানার শ্রমিকদের গত মাসের বেতন দেওয়া হয়। সোয়েটারপ্রতি পারিশ্রমিক কম দেওয়ায় শ্রমিকেরা এর প্রতিবাদ করেন এবং পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে রাজি হয়নি। সোমবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে আবার সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুজ্জামান শ্রমিকদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা তাঁকে মারধর করেন। এরপর তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে বিকেল চারটার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান। সোমবার রাতেই কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। গতকাল সকালে কারখানার চার হাজারেরও বেশি শ্রমিক কর্মস্থলে এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হন। তবে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকেরা চলে যান। আশুলিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাতেই কারখানার পক্ষ থেকে চার শতাধিক শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এদের মধ্যে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী শ্রমিকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।