আশুলিয়ায় এসআইয়ের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার পেছনের একটি বাসা থেকে গতকাল সোমবার শান্তা ইসলাম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্তা শেরপুরের ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের স্ত্রী।পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় শান্তা আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, প্রথম স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে রফিকুলের বিবাহবিচ্ছেদ হয়। মাস পাঁচেক আগে এসআই রফিকুল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে শান্তাকে বিয়ে করেন। রফিকুলের বাড়িও ওই গ্রামে। বিয়ের পর স্ত্রী শান্তাকে আগের কর্মস্থল আশুলিয়ায় নিয়ে আসেন এসআই রফিকুল। থাকতেন আশুলিয়া থানার পেছনে পাঁচু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায়। গতকাল ওই বাসায় শান্তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।গৃহকর্মী কোহিনূর বেগম বলেন, গৃহকর্তা রফিকুল ইসলাম পেশাগত কারণে দূরে থাকেন। তিনি মাঝেমধ্যে বাসায় আসতেন। এই বাসায় শান্তার সঙ্গে তাঁর ছোট ভাই মঈনুল হোসেনও থাকেন। মঈনুল এখানে থেকে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন। কোহিনূর বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মঈনুল বাসা থেকে বের হওয়ার পর তিনি শান্তাকে নাশতা খেতে বলেন। কিন্তু শান্তা নাশতা খেতে অসম্মতি জানান। এ সময় তিনি ব্যক্তিগত কাজে বাসার বাইরে যেতে চাইলে শান্তা তাঁকে মূল ফটকে তালা দিয়ে বাইরে যাওয়ার কথা বলে আবার শুয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে বাসায় ফিরে তিনি শান্তার কক্ষ ভেতর থেকে আটকানো অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখতে পান ফ্যানের সঙ্গে শান্তার ঝুলন্ত লাশ।শান্তার ভাই মঈনুল ও খালাতো বোন কংকা বলেন, তাঁদের গ্রামের একটি ছেলের সঙ্গে শান্তার সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় শান্তা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেক বুঝিয়েও তাঁকে স্বাভাবিক করা যাচ্ছিল না। শান্তাকে খুশি করতে তাঁর স্বামী আশুলিয়ার দুটি বাড়ি শান্তার নামে লিখে দেন।মঈনুল জানান, এসব বিষয় নিয়ে কথা বলতে তাঁর বাবা-মা ও ভগ্নিপতি রফিকুল গত ২৮ জুন আশুলিয়ায় আসেন। গত রোববার তাঁরা চলে যান। এর পরের দিনই তাঁর বড় বোন আত্মহত্যা করলেন। এসআই রফিকুল ইসলাম দাবি করেন, প্রেমের কারণেই তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।যোগাযোগ করলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, পছন্দের ছেলের কাছে বিয়ে না দেওয়ায় শান্তা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে শান্তার বাবা বেল্লাল হোসেন অপমৃত্যুর মামলা করেছেন। কাল (আজ মঙ্গলবার) সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।