আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ২৫০ ভরি স্বর্ণ লুট
ঢাকার আশুলিয়ার ব্যস্ততম এলাকায় শমসের প্লাজার পীযূষ জুয়েলার্সে হানা দিয়ে ডাকাতেরা ২৫০ ভরি স্বর্ণ, ৫০ ভরি রুপার গয়না ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে৷
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে ৫০ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বলিভদ্র বাজারে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে৷
আট থেকে ১০ জনের মুখোশ পরা ডাকাত দল মার্কেটে গিয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে দোকানের মালিক ও কর্মচারীদের জিম্মি করে লুটপাট চালায়৷ লুটপাট শেষে ককটেল ফাটাতে ফাটাতে মার্কেট থেকে বের হয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায় ডাকাতেরা৷ এর ১৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের উপস্থিতি জানান দেয়৷
দোকান মালিক প্রফুল্ল চন্দ্র দে জানান, সাড়ে সাতটার দিকে তাঁরা যখন দোকানের স্বর্ণ ও রুপার গয়না সিন্দুকে রাখার প্রস্তুিত নিচ্ছিলেন, ঠিক তখন মুখোশ পরা দুই ডাকাত দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে৷ এর পরপরই মুখোশ পরা আরও তিন ডাকাত দোকানে গিয়ে তাঁদের কাছ থেকে স্বর্ণ ও রুপার গয়না ছিনিয়ে নিয়ে একটি বস্তায় ভরে দ্রুত সটকে পড়ে৷
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, মার্কেটটির নিচতলা ও িদ্বতীয় তলায় প্রায় ২০০ দোকান রয়েছে৷ ঘটনার সময় এসব দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ অনেক ক্রেতাও ছিলেন৷ ডাকাতেরা অতর্কিতে ককটেল ফাটাতে থাকলে ব্যবসায়ীরা দোকানের শাটার নামিয়ে দেন৷ ক্রেতারাও দোকানের ভেতরে আশ্রয় নেন৷ মার্কেটের নিরাপত্তাকর্মী সোলায়মান জানান, অন্তত ১০ জনের একটি দল ডাকাতিতে অংশ নেয়, তাদের প্রায় সবার হাতেই শটগান ছিল৷ ডাকাতি শেষে তারা একটি মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়৷
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের পেছনেই বলিভদ্র এলাকায় এক ডাকাত বসবাস করে৷ তার বিরুদ্ধে আশুলিয়ার বিভিন্ন এলাকার পোশাক কারখানাসহ দোকান-বাড়িতে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে৷ সপ্তাহ খানেক আগে আশুলিয়ার পলমল গ্রুপের একটি গুদামে ডাকাতির সঙ্গে জড়িত কয়েকজন ডাকাত ধরা পড়ার পর তারা ওই ব্যক্তির জড়িত থাকার ব্যাপারে ইঙ্গিত দেয়৷ এর পরও তাকে ধরার কোনো উদ্যোগ নেওয়া হয়নি৷
রাত নয়টার দিকে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে৷