আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় দিনমজুর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নবীনগর-কালিয়াকৈর সড়কে গতকাল রোববার একটি কাভার্ড ভ্যানের চাপায় ইন্দাদুল হক (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। পুলিশ কাভার্ড ভ্যানসহ চালক সেন্টুকে (২০) আটক করলেও অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার ব্যাপারে থানায় কোনো মামলাও হয়নি। লাশ হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত ছাড়াই।
নিহত ইন্দাদুল নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুড়ামারা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার বাইপাইলে থেকে দিনমজুরের কাজ করতেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সকাল আটটার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে দ্রুতগতিতে মোড় নেওয়ার সময় কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ট-১১-৫৫১৫) চাকায় পিষ্ট হয়ে ইন্দাদুলের মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানসহ চালক সেন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, লাশ ও চালকসহ কাভার্ড ভ্যান থানায় নেওয়ার পর আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ মিয়া ইন্দাদুলের পরিবারের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। তিনি নিহতের পরিবারকে নানাভাবে বুঝিয়ে মামলা করা থেকে বিরত রাখেন। এরপর থানায় কোনো মামলা না করেই চালকসহ গাড়িটি ছেড়ে দেন। আর ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেন পরিবারের কাছে।
নিহতের স্ত্রী সবুরা বলেন, ‘পুলিশ আমাগো যা বুঝাইচে, তাই করচি। মামলা-মুমলা তো আমরা বুঝি না। পুলিশ কইল মামলা কইরা লাব নাই। নগদ কিচু পাইলে লাশ নিয়া বাড়ি যাওয়াই ভালো।’
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এসআই আবদুল লতিফ মিয়া বলেন, পরিবার মামলা করতে রাজি না হওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দেওয়া হয়েছে। আর চালক ও গাড়িও ছেড়ে দেওয়া হয় একই কারণে। টাকা নেওয়ার কথা সত্য নয়।