আশুলিয়ায় কারখানা থেকে এক কোটি ২২ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চোরেরা কারখানার ক্যাশ ভল্ট ভেঙে এক কোটি ২২ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।এ ঘটনায় গতকাল শনিবার আশুলিয়া থানায় মামলা করেছেন কারখানার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহমুদ ইসলাম। এজাহারে তিনি উল্লেখ করেন, চোরেরা কারখানার দোতলার পশ্চিম-দক্ষিণ পাশের অর্থ ও হিসাব বিভাগ কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ক্যাশ ভল্ট ভেঙে তারা এক কোটি ২২ লাখ ৬৬ হাজার ২৭১ টাকা নিয়ে যায়। কারখানার অর্থ ও হিসাব বিভাগের ব্যবস্থাপক মাহফুজুল হক জানান, কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এক কোটি ২০ লাখ এনে ক্যাশ ভল্টে রাখা হয়। গতকাল সকালে কারখানায় এসে ওই কক্ষের দরজা এবং ক্যাশ ভল্ট ভাঙা পাওয়া যায়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কারখানার দুই নিরাপত্তাকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’