আশুলিয়ায় কারখানার মালিককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় জুবায়ের ক্যাপ ফ্যাক্টরি নামক একটি টুপি তৈরির কারখানার ভেতরে ওই কারখানার মালিক গোলাম আজমকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোস্তফা কামাল নামের ওই কারখানার আরেকজন অংশীদার মালিককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। গোলাম আজমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি আশুলিয়ায় থাকতেন।

পুলিশের ধারণা, ব্যবসাসংক্রান্ত বিরোধের জের ধরে মোস্তফা কামাল এ ঘটনা ঘটাতে পারেন।

মোস্তফা কামাল জানান, তাঁরা দুজনই কারখানাটির মালিক। কারখানাটিতে অর্ধশত শ্রমিক কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন কারখানায় যান। সে সময় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। কারখানার ভেতরে কথা বলতে বলতে মুখোশ পরা তিনজন ব্যক্তি ভেতরে ঢুকে গোলাম আজমের মাথায় আঘাত করে। পরে তাঁকে জবাই করে হত্যা করে। এ সময় প্রাণভয়ে মোস্তফা কামাল চারতলা থেকে নিচে লাফিয়ে রক্ষা পান।

পুলিশ জানায়, মোস্তফা কামাল স্থানীয়দের জানান, কারখানার ভেতরে কে বা কারা গোলাম আজমকে গলা কেটে হত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় মোস্তফা কামালকেও আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আজিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কারখানাটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। তালা ভেঙে ভেতরে গিয়ে গোলাম আজমের লাশ উদ্ধার করা হয়। বাইরে থেকে কোনো লোক গিয়ে এ ঘটনা ঘটালে ভবনটি তালাবদ্ধ থাকার কথা না। আর মোস্তফা কামাল প্রাণভয়ে চার তলা থেকে লাফ দিয়ে তাঁর আহত হওয়ার কথা। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ আছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, মোস্তফা কামালই তাঁকে পরিকল্পিতভাবে খুন করে পানির পাইপ বেয়ে নিচে নেমে যান।’ তিনি  বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।