আশুলিয়ায় কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
ঢাকার সাভারের আশুলিয়া থানার বগাবাড়ী এলাকার একটি কারখানায় গতকাল রোববার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে। আশুলিয়া থানা পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে কারখানার দক্ষিণ দিকে একটি জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কারখানার সিলভার প্যাকেজিং, আশরাফ প্লাস্টিক ও সাইনেস বটম নামে তিনটি ইউনিটে ছড়িয়ে পড়ে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির পরিচালক মহসিন উদ্দিন খান অভিযোগ করেছেন, শত্রুতাবশত কেউ কারখানায় আগুন লাগিয়ে দিতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেননি।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর এলাকাবাসী কারখানাটি স্থানান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এ ব্যাপারে বগাবাড়ী এলাকার বাসিন্দা লিয়াকত আলী বিশ্বাসসহ অনেকেই বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে এ ধরনের একটি কারখানা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁরা অভিযোগ করেন, বোতাম ও কার্টন তৈরির আড়ালে কারখানা কর্তৃপক্ষ নিষিদ্ধ পলিথিন ব্যাগও তৈরি করছে। তবে পরিচালক মহসিন উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন।