আশুলিয়ায় কেব্ল টিভির ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।আশুলিয়া থানা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কেব্ল টিভির ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই আশুলিয়ার ধলপুর এলাকার শাহাবুদ্দিন ও নয়াপাড়া এলাকার সোলায়মানের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোলায়মান গতকাল দুপুরে পুলিশ নিয়ে গাজীরচট এলাকায় যান। ওই এলাকায় সাহাবুদ্দিনকে দেখতে পেয়ে সোলায়মানের লোকজন পুলিশের উপস্থিতিতেই সাহাবুদ্দিনের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করতে থাকে। স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে সোলায়মানের লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষে জুয়েল, মিলন, শাকিল, শাহাবুদ্দিন ও মোক্তারসহ অন্তত ১৫ জন আহত হন। মুমুর্ষু অবস্থায় জুয়েলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।