আশুলিয়ায় খাবার খেয়ে ১০০ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার শাহরিয়ার ফেব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রায় ১০০ শ্রমিক গতকাল রোববার দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক ইকবাল কবীর প্রতিদিন তাঁদের দুপুরের খাবার সরবরাহ করেন। আড়াই হাজার শ্রমিককে গতকাল দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে ভাতের সঙ্গে গরু ও মুরগির মাংস খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে প্রায় ১০০ শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কাজ না হওয়ায় সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রে ৭২ জনকে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন শ্রমিক পারভীন আক্তার (২৭), গোলাপি আক্তার (২৫), আছিয়া বেগমসহ (২৬) আরও অনেকে বলেন, দুপুরের খাবার খাওয়ার কিছু সময় পর থেকে তাঁরা অস্বস্তিবোধ করতে থাকেন। এর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে তাঁদের মাথা ঘুরতে থাকে এবং এর পরে বমি শুরু হয়।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক হালিম জোয়ার্দার প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সে অনুযায়ী তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো গতকালও কারখানার ভেতরেই রান্না করে শ্রমিকদের খাবার দেওয়া হয়। কিন্তু কারখানার ভেতরের পানি সরবরাহব্যবস্থা তেমন ভালো নয়। পানি বিশুদ্ধ না করেই তা শ্রমিকদের পান করানো হয়। মাঝেমধ্যে খাবারের মানও ভালো থাকে না। এসব কারণে খাদ্যে বিষক্রিয়া হতে পারে।
যোগাযোগ করা হলে প্রশাসনিক ব্যবস্থাপক ইকবাল কবীর প্রথম আলোকে বলেন, শ্রমিকদের ত্রুটিযুক্ত কোনো খাবার দেওয়া হয় না। এর পরেও দুপুরের খাবারের পর গতকাল হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দেখাদেখি পরে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।