আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণে মামলা
ঢাকার আশুলিয়ায় গত শুক্রবার গণজাগরণ মঞ্চের সমাবেশের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় গত শনিবার রাতে মামলা করেছে। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে।শুক্রবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ মঞ্চের সমাবেশ হয়। ওই সমাবেশ শুরুর আগে আশুলিয়ার ইউনিক এলাকা এবং নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সামনের সড়কে দুটি করে মোট চারটি ককটেল বিস্ফোরিত হয়। ইউনিক এলাকার ঘটনায় দুই পথচারী আহত হন। আশুলিয়া থানার পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ওই ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করেছেন। মামলায় যে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক মুফতি শামসুল হক, সদস্যসচিব মাওলানা মনিরুজ্জামান মুন্সী, গাজীরচট ইউনিভার্সেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুলিয়া থানার সভাপতি মাওলানা আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আল আজাদ।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।