আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের পাল্টা সমাবেশ হেফাজতে ইসলামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ মঞ্চের আজকের সমাবেশ প্রতিরোধে পাল্টা কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আশুলিয়া থানা কমিটি। বাদ জুমা একই জায়গায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। শাহবাগের মহাসমাবেশ থেকে আজ শুক্রবার বিকেলে এ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সমাবেশ সফল করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণাও চালানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ এলাকার নিরাপত্তা জোরদার করেছে। এদিকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচটের ইউনিভার্সেল প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনে সংবাদ সম্মেলন ডেকে জুমার পর ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতে ইসলামের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক মুফতি সামছুল হক। এ সময় সংগঠনের সদস্যসচিব মুফতি মনির হোসেন, সদস্য মাওলানা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, যারা ব্লগে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননামূলক প্রচারণা চালায়, তারা নাস্তিক ও মুরতাদ। আর নাস্তিক ব্লগারদের যারা সমর্থন বা সহযোগিতা করে, তারা আল্লাহ ও রাসুল (সা.)-এর দুশমন।সংবাদ সম্মেলনে অবিলম্বে কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে শুক্রবারের (আজ) গণজাগরণ মঞ্চের সমাবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। অন্যথায় হেফাজতে ইসলামের ব্যানারে তৌহিদি জনতার অংশগ্রহণে কথিত গণজাগরণ মঞ্চের সমাবেশের প্রধান উদ্যোক্তা ‘নাস্তিক ব্লগারদের’ প্রতিরোধ করা হবে। জানতে চাইলে সংগঠনের নেতা মাওলানা আলমগীর হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘জুমার নামাজের পর সব মসজিদের মুসল্লিদের নিয়ে ফ্যান্টাসি কিংডমে আমরা সমাবেশ করব। এতে বাধা দিলে প্রতিরোধ করা হবে।’যোগাযোগ করা হলে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত হতে পারেননি বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, আগামীকাল (আজ) তারা গণজাগরণ মঞ্চের পাশে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।’