আশুলিয়ায় গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ছিনতাইয়ের অভিযোগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা ভাড়ার গাড়ির ব্যবসায়ী মো. শামীম মিয়ার দায়ের করা মামলায় ওমর ফারুককে গতকাল সোমবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।মো. শামীম মিয়া গত রোববার রাতে আশুলিয়া থানায় দায়ের করা এজাহারে বলেন, গত শনিবার বেলা ১১টার দিকে ওমর ফারুক ও তাঁর বন্ধু এনামুল হক ফোন করে গাড়ি ভাড়া নেওয়ার কথা বলে তাঁকে (বাদী) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় যেতে বলেন। তিনি সেখানে গাড়ি নিয়ে যাওয়ার পর তাঁরা তাঁর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন। এরপর তাঁরা গাড়ি নিয়ে পালিয়ে যান। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল বিকেলে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিতের পর ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে। অপর আসামি এনামুল পলাতক। গাড়িটি এখনো উদ্ধার করা যায়নি। শামীম মিয়া অভিযোগ করেন, ওমর গ্রেপ্তার হওয়ার পর তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য নানা মহল থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, গাড়ি ছিনতাই করে নেওয়ার পর ওমর ফারুক উল্টো তাঁকেই পুলিশ দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামি এনামুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।