আশুলিয়ায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় সিএনজি স্টেশনে গ্যাস ভরার সময় ব্যক্তিগত গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটির মালিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গত বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাড়ির মালিক ও চালক মো. সজল এবং সিএনজি স্টেশনের অপারেটর শামীম হোসেন। সজল আশুলিয়ার চাকলগ্রাম এলাকার সোহরাব হোসেনের ছেলে। শামীম মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজল তাঁর গাড়িতে গ্যাস ভরতে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নয়ারহাটের ডেল্টা সিএনজি স্টেশনে যান। গ্যাস নেওয়ার সময় বিকট শব্দে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সিলিন্ডারের একটি বড় টুকরো শামীমকে উড়িয়ে নিয়ে গিয়ে প্রায় ১০০ ফুট দূরে ফেলে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, সিলিন্ডারের টুকরো অংশের আঘাতে চালকের আসনে থাকা সজল, স্টেশনের অপর অপারেটর আমানত হোসেন, নিরাপত্তাকর্মী রজব আলী ও শাহ আলম এবং এক বাসের চালক নয়ন মোল্লা আহত হন। স্থানীয় লোকজন আহত সজল, নয়ন ও আমানতকে উদ্ধার করে প্রথমে সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল ও পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সজলকে মৃত ঘোষণা করেন। সামান্য আঘাত পাওয়ায় রজব ও শাহ আলমকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নয়নের ভাই রিপন মোল্লা বলেন, তাঁর ভাই নিরাপদ পরিবহনের একটি বাস চালাতেন। বাসটি ওই স্টেশনে রেখে তিনি গোসল করেন। গোসল শেষে বাসে ওঠার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হন। তাঁর দুই হাত ভেঙে গেছে। থেঁতলে গেছে বাঁ চোখ। এ ছাড়া কোমরের ওপরের অংশ ক্ষতবিক্ষত হয়েছে। অবস্থা সংকটাপন্ন।
ডেল্টা সিএনজি স্টেশনের মালিক এ কে এম আলমগীর খান বলেন, গাড়িটির ত্রুটিপূর্ণ সিলিন্ডারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর প্রতিষ্ঠানের কোনো ত্রুটি ছিল না। তদন্ত করলেই বিষয়টি প্রমাণিত হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, কী কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৬ যাত্রী দগ্ধ হন।