আশুলিয়ায় গুলি করে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই
গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপকের পায়ে গুলি করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবস্থাপককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রামীণ ব্যাংক আশুলিয়ার জামগড়া শাখার কর্মকর্তা অজিত কুমার সাহা ও ব্যবস্থাপক সুবল চন্দ্র দেবনাথ গতকাল ইয়ারপুর এলাকার দুটি কেন্দ্রের সদস্যদের কাছ থেকে ঋণ ও সঞ্চয়ের এক লাখ ৭৬ হাজার টাকা সংগ্রহ করে শাখায় ফিরছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা জামগড়ার ফ্যাশনস নিট নামের একটি পোশাক কারখানার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা সুবল দেবনাথের বাঁ পায়ে গুলি ও মাথায় আঘাত করে টাকার থলে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর অজিত সাহা স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অজিত কুমার সাহা বলেন, টাকার থলেটি সুবলের হাতেই ছিল। তাঁরা ফ্যাশনস নিটের সামনে গেলে হঠাৎ করে পাঁচ থেকে ছয়জন তাঁদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সুবলের পায়ে গুলি ও মাথায় আঘাত করে টাকার থলে ছিনিয়ে নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।