আশুলিয়ায় গৃহবধূ ও চা বিক্রেতাকে হত্যা
ঢাকার আশুলিয়ার বাইপাইলে এক গৃহবধূকে শ্বাসরোধ করে এবং ভাদাইলে এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় পৃথক হত্যা মামলা করেছে। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নজুমুদ্দিনের ছেলে ওয়াজেদ হোসেন (৩৫) ও গোপালগঞ্জের মুকছুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফায়েকুজ্জামানের মেয়ে রানী আক্তার (২৫)।
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বছর চারেক আগে আল-আমিন নামের এক যুবকের সঙ্গে রানীর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের জন্য রানীকে নির্যাতন করতেন আল-আমিন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বছর দুয়েক আগে রানী গোপালগঞ্জের আদালতে আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন। এরপর বিবাহবিচ্ছেদ না ঘটলেও স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়। একপর্যায়ে রানী ও তাঁর ভাই হাসিবুর আশুলিয়ার বাইপাইলে এসে বসবাস শুরু করেন। ওই বাসা থেকেই গতকাল সকালে রানীর লাশ উদ্ধার করা হয়।
হাসিবুর বলেন, বুধবার রাত ১০টার দিকে তাঁর বোনকে বাসায় রেখে তিনি কর্মক্ষেত্র মাছের আড়তে যান। গতকাল সকালে বাসায় ফিরে খাটের ওপর তাঁর বোনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রানীর বাবা ফায়েকুজ্জামান বলেন, ‘মামলা করার পর থেকে আমার মেয়ের সঙ্গে আল-আমিনের তেমন যোগাযোগ ছিল না। তবে মাঝেমধ্যে দেখা করতে আসত। আমার ধারণা, এই সুযোগেই আল-আমিন বুধবার রাতে ওই বাসায় গিয়ে রানীকে হত্যা করে পালিয়ে যায়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সওগাতুল আলম বলেন, রানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর খুনের সঙ্গে স্বামী আল-আমিন জড়িত থাকতে পারেন।
এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ভাদাইলের আল-আমিন (২০), স্বপন (২৫), মুক্তার হোসেন (২২), রাসেল হোসেনসহ (২০) আরও কয়েকজন এলাকার ওয়াজেদ হোসেনের চায়ের দোকানে গিয়ে তাঁকে একটি মুঠোফোনের সেট কেনার অনুরোধ জানান। তিনি অপারগতা জানালে এ নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তরুণেরা ওয়াজেদকে সাইকেলের চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ওয়াজেদের মৃত্যু হয়।
ওয়াজেদের স্ত্রী আলপনা বেগম জানান, তাঁর স্বামী একটি চায়ের দোকান করে কোনোরকমে জীবিকা নির্বাহ করতেন। এ কারণে বাড়তি টাকা না থাকায় তাঁর স্বামী মুঠোফোন কিনতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, আল-আমিন, স্বপন, মুক্তার ও রাসেল এলাকার বখাটে প্রকৃতির ছেলে। সম্ভবত মুঠোফোনটি ছিনতাই করে তাঁর স্বামীর কাছে জোর করে বিক্রি করতে চেয়েছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ওয়াজেদের খুনিদের চিহ্নিত করা গেলেও রানীকে কারা হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।