আশুলিয়ায় গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ
‘তাঁরা লাঠি দিয়ে আমাকে বেদম মারধর করেছে। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। উল্টো পুলিশের সামনেই ওরা আমাকে পিটিয়েছে।’এভাবে নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিলেন গৃহবধূ সামসুন্নাহার (২৫)। তিনি হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ওয়াহেদুল হকের স্ত্রী। তাঁরা থাকতেন আশুলিয়ার শিমুলতলী এলাকার একটি বাড়িতে।এ ঘটনায় ওই দম্পতি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি। পুলিশের কাছে কোনো প্রতিকার না পেয়ে গতকাল মঙ্গলবার আশুলিয়া প্রেসক্লাবে ওই গৃহবধূ তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে প্রেসক্লাব থেকে বিষয়টি ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে জানানো হলে তাঁর নির্দেশে গতকাল রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।সামসুন্নাহার অভিযোগ করেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে সামান্য বিষয় নিয়ে বাসার মালিকের মেয়ে ইতি বেগম তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি ঘরের ভেতর ঢুকে দরোজা বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পর ইতির স্বামী মো. রুবেল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাঠি দিয়ে তাঁকে বেদম মারধর করেন।সামসুন্নাহারের স্বামী ওয়াহেদুল হক বলেন, শনিবার বিকেলে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর কয়েক ঘণ্টা পরই বাসার মালিক তাঁদের বাসা থেকে বের করে দেন।ওয়াহেদুল হকের অভিযোগ, এএসআই মিজানুর রহমান অভিযোগটি নথিভুক্ত না করে উল্টো আপস করার জন্য তাঁকে চাপ দিয়ে যাচ্ছিলেন। বারবার থানায় যোগাযোগ করার পর শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মনিরুজ্জামান তাঁদের নিয়ে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে ওই পুলিশ কর্মকর্তার সামনেই পুলিশের গাড়ির ভেতরে ঢুকেই এক ব্যক্তি তাঁকে মারধর করে। কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে আটকের চেষ্টা করেনি।মো. রুবেল তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এএসআই মিজানুর রহমান বলেন, নির্যাতিতদের পক্ষ থেকে আপসের প্রস্তাব দেওয়ায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ কারণেই মামলা করা হয়নি। পিএসআই মনিরুজ্জামান তাঁর উপস্থিতিতে গৃহবধূকে মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ধৈর্যের পরিচয় দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসি। তবে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।