আশুলিয়ায় চাঁদা না পেয়ে হামলা
ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গতকাল শুক্রবার চাঁদা না পেয়ে বাসযাত্রীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা যাত্রীদের মারধর করে টাকা ও মুঠোফোন সেট লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী এক যাত্রী আশুলিয়া থানায় মামলা করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস গতকাল দুপুর ১২টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি আটক করে ৪০০ টাকা চাঁদা দাবি করে। বাসের চালক ও তাঁর সহকারী চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা বাসটি আটকে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। যাত্রীরা এর প্রতিবাদ করলে দুর্বৃত্তরা লাঠিসোঁটা দিয়ে তাঁদের মারধর করে। এ সময় দুর্বৃত্তরা অনেক যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন সেট লুটে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিবহনশ্রমিক বলেন, বাইপাইল থেকে আগে প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করা হতো। কিন্তু কয়েক দিন ধরে মোমিনুল ইসলাম নামের এক ব্যক্তি ও তাঁর লোকজন ৪০০ টাকা করে চাঁদা দাবি করছেন। কোনো পরিবহনশ্রমিক এর প্রতিবাদ করলে তাঁদের মারধর করে বাস আটকে রাখা হয়। কোনো যাত্রী এর প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয়।গতকাল দুর্বৃত্তদের হামলায় আহত গোপাল চৌধুরী নামের এক যাত্রী আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় মোমিনুল ও তাঁর সহযোগী গাউসসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।