আশুলিয়ায় চার শতাধিক পোশাকশ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে নাশতা খেয়ে একটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।আশুলিয়া থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল আশুলিয়ার স্টারলিংক ক্রিয়েশন লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক রাতের পালার কাজ করছিলেন। প্রতিদিনের মতো গতকালও রাত আটটার দিকে তাঁদের কেক ও কলা খেতে দেওয়া হয়। নাশতা খাওয়ার মিনিট দশেকের মধ্যেই কারখানার আটতলা ভবনের বিভিন্ন তলার চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কারও বমি, কারও মাথায় যন্ত্রণা শুরু হয়। চিকিৎসার জন্য অসুস্থদের দ্রুত স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয় অন্তত ২০০ শ্রমিককে। কিন্তু হাসপাতালটিতে মাত্র চারজন চিকিৎসক কর্মরত থাকায় তাঁদের চিকিৎসাসেবা বিঘ্নিত হয়। এ অবস্থায় অনেক শ্রমিককে অন্য হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।অসুস্থ শ্রমিক নাছিমা বেগম, আল-আমিন ও বাঁধন হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, কলা ও কেক খাওয়ার পর মিনিট দশেকের মধ্যে কেউ কেউ বমি করেন, কারও মাথা ঘুরতে শুরু করে, অনেকে অচেতন হয়ে পড়েন।নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুনুর রশিদ জানান, তাঁদের হাসপাতালে অন্তত ২০০ অসুস্থ শ্রমিককে আনা হয়। এর মধ্যে অর্ধশত শ্রমিককে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসক মো. নজিবুল্লাহ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা সংকটজনক নয় বলেও তিনি জানান।কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো ঠিকাদারের সরবরাহ করা কেক ও কলা শ্রমিকদের খেতে দেওয়া হয়। ওই কলা ও কেক খাওয়ার পরপরই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন।