ঢাকার সাভারের আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার একটি পোশাক কারখানায় দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরের আরও তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।আশুলিয়া থানা পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, ডেন্ডাবর এলাকার ওশান গেট সোয়েটার কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে সকাল আটটার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। একপর্যায়ে কারখানার ভেতর থেকে কিছু শ্রমিক বের হয়ে বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ দুপুর দেড়টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করে।শ্রমিকদের অভিযোগ, ন্যায্য কোনো দাবি জানালে ভাড়াটে লোকজন দিয়ে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। মঙ্গলবারও বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এতে অল্পসংখ্যক শ্রমিকের সঙ্গে বহিরাগত ব্যক্তিরা যোগ দেয়। এদিকে ডিইপিজেডের ভেতরে আমরা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক গতকাল সকাল ১০টার দিকে জানুয়ারি মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকেরা বিক্ষোভ অব্যাহত রাখেন। একপর্যায়ে আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের শান্ত করে। পরে বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে না পারায় শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানো হয়।ডিইপিজেডের ভেতরে অবস্থিত এ ওয়ান নামের একটি পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক পারিশ্রমিক বাড়ানোর দাবিতে দুপুর দেড়টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের পর সন্ধ্য ছয়টার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।এ ওয়ান কারখানার পাশের হেলিকন নামে আরও একটি পোশাক কারখানার নিটিং শাখার পাঁচ শতাধিক শ্রমিক পারিশ্রমিক বাড়ানোর দাবিতে দুপুরের দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তবে কারখানার অন্যান্য শাখার দেড় হাজার শ্রমিক এতে যোগ দেননি। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিক্ষোভরত শ্রমিকেরা বাড়ি ফিরে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ও শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মোকলেসুর রহমান চারটি কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।